বেনাপোল চেকপোস্টে সাত সোনার বারসহ যাত্রী আটক

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:১৫
 
যশোরের বেনাপোল চেকপোস্টে বুধবার সকালে সাতটি সোনার বারসহ মোহম্মাদ পারভেজ (২৮) নামে ভারতগামী বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমসের গোয়েন্দা সদস্যরা। আটক পারভেজ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মনির হোসেনের ছেলে।
 
বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক, ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে ভারতগামী আটক সোনা বহনকারী পাসপোর্ট যাত্রী পারভেজের চলাফেরা সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসা করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে দেহ ও তার কাছে থাকা সমস্ত ব্যাগ তল্লাশি করলে সর্বশেষ তার পায়ের জুতার ভিতর বিশেষ কায়দায় লুকানো থাকা অবস্থায় সাত পিস সোনার বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ৭২৫ গ্রাম সোনার মুল্য ৩৫ লাখ টাকা।
 
আটক পারভেজ জানান, সে ঢাকার এফ এম ইন্টার ন্যাশনাল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের এমডি মোতালেব হোসেন তাকে একজোড়া নতুন জোতা দিয়ে সেটি পায়ে দিয়ে ভারত যেতে বলেন, গার্মেন্টস পণ্যের স্যাম্পল আনার জন্য এবং বলেন তুমি কোলকাতা যাও আমি সেখানে তোমার সাথে দেখা করব। জুতার ভিতর কি ছিলো তা পারভেজ জানান না বলে জানান।
 
আটক পারভেজকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ২০ পিস সোনার বার সহ আবু সালাম নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রী ভারতের পেট্রাপোল কাস্টমসে আটক হয়।
 
ইত্তেফাক/জামান