সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপরে

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৮:২৬
 
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ করোতোয়া, ইছমতি, ফুরজোড়, হুড়াসাগরসহ বিভিন্ন নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
 
সিরাজগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় ৫৮৭৭ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে আউশ ধান, পাট, সবজিও আমন বীজতলা রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসাস ইমাম জানান, এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাধে কোন ঝুঁকি নেই। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ঝুঁকি আসতে পারে সে ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।
 
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম চরমালশাপাড়া, চরমিরপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
 
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে এ পর্যন্ত জেলা বন্যা কবলিত পাঁচটি উপজেলায় ১০৪ মেট্রিক টন চাউল ও নগদ তিন লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। চাহিদা পাওয়া মাত্রই তা দুর্গতদের মাঝে বিতরণ করা হবে।
 
ইত্তেফাক/জামান