পাবনা পৌর এলাকার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

আপডেট : ১২ জুলাই ২০১৭, ২২:৩৭
 
সামান্য বৃষ্টিতেই পাবনা শহরের বেশির ভাগ রাস্তার এখন বেহাল দশা। ছোট-বড় গর্ত তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। কিন্তু কোন সংস্কার করা হয় নি। একটু বৃষ্টিতেই রাস্তা ঘাট ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী।
 
গত কয়েকদিনের টানা বর্ষায় পাবনা শহরের নিউমার্কেট, পাবনা কলেজ গলি, আওরঙ্গজেব সড়ক, প্রেসক্লাব সড়ক, দিলালপুর, কফিল উদ্দিন পাড়া, শান্তিনগর, বেলতলা সড়ক, বড় বাজার, দই বাজার মোড় এবং শালগাড়িয়া মহল্লায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া শহরের নিচু এলাকায় পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। অনেক এলাকাতে চাপকল ডুবে যাওয়াতে বিশুদ্ধ খাবার পানির সমস্যা দেখা দিয়েছে।
 
এ বিষয়ে পাবনা পৌরসভার নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর রহমান জানান, আমরা ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নে নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছি। ইতোমধ্যে বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে কিছু ড্রেন করেছি। আরো ড্রেন করতে হবে। এজন্য সব ধরনের প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। বিভিন্ন সংস্থার কাছে আমরা আবেদন করেছি।
 
পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, এখানে আমার কি করনীয় থাকতে পারে। একদিকে সরকারি কোন বরাদ্দ নেই। অপরদিকে সারা দেশের ন্যায় পাবনায়ও ব্যাপক বৃষ্টি হওয়ার কারণেই এমনটি হয়েছে। তার পরেও আমি প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলদের বলেছি, পানি প্রবাহের জায়গা এবং ড্রেন গুলো পরিষ্কার রাখতে যেন পানি দ্রুত বের হয়ে যায়।
 
ইত্তেফাক/জামান