কলারোয়া-সরষকাটি সড়কের অবস্থা বেহাল। একদিকে সংস্কার করতে আরেক দিকে ভেঙে-চুরে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি।
উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়নের সাথে যে সকল সড়ক রয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ততম সরষকাটি ওই সড়কটি। কলারোয়া গরুর হাট মোড় এলাকা থেকে ১২ কিলোমিটারের ওই সড়কটির বেহাল ও দুর্দশা দেখার মতো কেউ নেই। সড়কটির পৌরসভার আওতাধীন কিছু অংশ সমপ্রতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাকি অংশ পড়ে রয়েছে আগের সেই ভঙ্গুর অবস্থায়। গরু হাট মোড় থেকে জালালাবাদ পেরিয়ে হাবিব কলেজ পর্যন্ত সড়কটির অংশ সমপ্রতি সংস্কার করা হয়েছে। তবে আফজালের মোড় এলাকার পৌরসভাধীন অবশিষ্ট অংশ এখনো গভীর গর্তে পরিপূর্ণ।
এর চেয়েও আরো ভয়াবহ অবস্থা বামনখালী এলাকায় এ সড়কের অংশে। সেখানে রাস্তাটি শুধু ভেঙেই যায়নি, বরং বড় ও গভীর গর্তে রীতিমত যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সোমবার দুপুরের দিকে বালিবাহী একটি ট্রাক গর্তে পড়ে পিছনের চাকার বডি ভেঙে আটকে যায়।
সেখানে কিছু ইট দিয়ে সাময়িক সংকট কাটানোর ব্যবস্থা নেওয়া হলেও কোনো উপকার যেন হচ্ছে না। রাস্তার মাঝখানে গভীর গর্তের পানিতে মাছ শিকার করার মতো অবস্থায় রূপ নিয়েছে। সেখান থেকে পার হয়ে বসন্তপুর পর্যন্ত কয়েক স্থানে রাস্তার পিচ উঠে ভেঙে গিয়েছে।
চলমান বর্ষা মৌসুমে এ সড়কটির বেহালদশা আরো সংকটাপন্ন হয়ে পড়েছে। তার সাথে যোগ হয়েছে এ সড়কের পাশে অবস্থিত তিনটি ইট ভাটার কাদা মাটি রাস্তায় পড়ে সেখানে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে তেমনি দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। রাস্তায় ট্রাক আটকে পড়ায় সাময়িক বন্ধ হয়ে যায় সেখানকার যান চলাচল।
ইত্তেফাক/নূহু
