লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পারুলিয়া ও ঘুন্টিঘর এলাকার মাঝখানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাড়ী চালক আলম মিয়ার (৫০) বাড়ি জেলার সদর উপজেলায়।
পুলিশ প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী খোকন পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাতীবান্ধা উপজেলার পারুলিয়া ও ঘুন্টিঘর এলাকায় পৌঁছে। এসময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে গাড়ি চালক আলম মিয়া, সহকারি চালক আব্দুল মালেক মিয়াসহ ৬ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক চালক আলমকে মৃত ঘোষণা করেন। সহকারি চালক আব্দুল মালেক মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/কেকে
