কারা ভোগের পর ভারতীয় নাগরিক ফেরত

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৫:৫২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক রমানন্দ ঝা (৫২) নামের এক ভারতীয় নাগরিক দীর্ঘ ১ বছর ৮মাস ১৬দিন কারাভোগের পর বিজিবি-বিএসএফের কাছে ফেরত দিয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ দিকে সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মাধ্যমে পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয়। 
 
রমানন্দ ঝা ভারতের বিহারের মধুবাণী জেলার বেনীপত্তি থানার শেরশাদ গ্রামের মৃত সুরেশ কুমার ঝার ছেলে। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, গত ২০১৫ সালের ২৭ই নভেম্বর সকালে মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। ওইদিন বিকালে রমানন্দ ঝা কে আলমডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে চুয়াডাঙ্গা আদালতে  প্রেরণ করে। এরপর আদালত তাকে জেলা কারাগারে পাঠায়। 
 
দীর্ঘ ১ বছর ৮মাস ১৬দিন কারাভোগের পর দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম , দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আমিনুল হক, এসআই জাহাঙ্গীর আলমসহ ১২জন এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি অশোক কুমার মণ্ডল, ইমিগ্রেশন কর্মকর্তা তরুণ সরকার ও কেষ্টগঞ্জ থানার এসআই সুরেশ চক্রবর্তীসহ ১৩ জন।
 
ইত্তেফাক/সাব্বির