বাঘারপাড়ায় পিতাকে হত্যার পর ছেলের আত্মহত্যা

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:৫৫
 
যশোরের বাঘারপাড়ায় পিতাকে হত্যার পর অনুশোচনায় ছেলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত পিতা রুস্তম আলী সরদার (৬০) জামালপুর গ্রামের সোনা সরদারের ছেলে। আত্মহত্যাকারী সোহাগ সরদার (৩০) রুস্তম আলী সরদারের ছেলে। ছোট ভাইয়ের বিয়ে নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। দুটি মৃত্যুকে ঘিরে বাড়িতে চলছে শোকের মাতম।
 
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) গোলাম রব্বানী ইত্তেফাককে জানান, রুস্তম আলী সরদারের ছোট ছেলে সোহেল নিজের পছন্দে বছর দেড়েক আগে বিয়ে করেন। কিন্তু তার বড় দুইভাই বিয়ে করেননি। তিন মাস আগে সোহেলের একটি পুত্রসন্তান জন্ম নেয়। এতে রুস্তম আলী ছেলের বউকে ঘরে নিয়ে আসেন।
 
ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে গোলযোগ হয়। একপর্যায়ে বড় ছেলে সোহাগ সরদার তার পিতা রুস্তম আলীকে কোদাল দিয়ে ঘাড়ের পিছনে কোপ দেন। এতে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়। এদিকে পিতার মৃত্যুতে ছেলে সোহাগের মধ্যে অনুশোচনা হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি আমবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
 
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হত্যার ঘটনায় আত্মহত্যাকারী সোহাগকে আসামী করে হত্যা মামলা এবং হত্যাকারীর আত্মহত্যা ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। দুটি লাশই যশোর ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।
 
ইত্তেফাক/জামান