গাজীপুরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছেন টাঙ্গাইল সদরের ভিন্নাহালী গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মো. তমিজ উদ্দিন (৪৫) ও রাজশাহী জেলার রাজপাড়া থানার গোবিন্দপুর গ্রামের রব জাহান আলীর ছেলে মোঃ সুমন আলী (৩২)। অভিযানের খবর শুনে রাজশাহী কাটাখালী এলাকার মো. হায়াত আলী পালিয়ে যায়।
র্যাব-১ এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পান যে লবণ পরিবহনের আড়ালে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার লিংক রোড এলাকা থেকে রাজশাহীতে নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার সকালে টঙ্গী স্টেশন রোড, আব্দুল্লাহপুর, ভোগড়া বাইপাস মোড় এলাকায় অবস্থান নেয়।
পরে অভিযানিক দলটি ইয়াবা চালানের কাজে ব্যবহৃত লবণ বোঝাই ট্রাকটির ভোগড়া বাইপাস সংলগ্ন মোগড়খাল এলাকার হাজী মার্কেট মক্কা-মদিনা নাঈম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে শনাক্ত করে। পরে ওই ট্রাকের চালক তমিজ ও সুমন আলীর দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে দুই হাজার পিস করে ৪ হাজার পিস এবং ট্রাক চালকের সীটের নীচে কৌশলে লুকানো অবস্থায় ছোট ছোট নীল রংয়ের প্যাকেট ভর্তি আরো ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
