কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) বিভিন্ন সময়ে উদ্ধারকৃত প্রায় দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহীদ কর্ণেল সামসুল আরেফিন হলে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদুল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল আবু সাঈদ আল মসউদ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোস্তাক আহমেদ, মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজিবির বিভিন্ন সময়ে আটককৃত ১ কোটি ৪৩ লক্ষ ৬১ হাজার ৪শ’ ১৬ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেন। এরমধ্যে ৫ হাজার ১শ’ ৫ বোতল বিদেশী মদ, ১১ হাজার ১শ’ ৪১ বোতল ফেনসিডিল, ১শ’ ৩০ কেজি গাঁজা, ৩৪ হাজার ৪শ’ ২৩ পিস পাতার বিড়ি ও ৩৪ হাজার ৪শ’ ২৩ পিস নেশা জাতীয় ট্যাবলেট রয়েছে।
ইত্তেফাক/নূহু
