ফাইনালে উঠতে পারলেন না জহির

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ০৯:৪৮
 
ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন বাংলাদেশের তরুণ অ্যাথলেট মোহাম্মদ জহির রায়হান । গতকাল বৃহস্পতিবার কেনিয়ার নাইরোবিতে সেমিফাইনালের দুই নম্বর হিটে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হন জহির। তিনি সময় নিয়েছেন ৪৮ দশমিক ২২ সেকেন্ড।
 
তিনটি হিট থেকে দুইজন করে ছয়জনসহ গতির দিক থেকে এগিয়ে থাকা দুইজন- মোট আটজন ফাইনালে উঠেন। অষ্টমজন গায়ানার ড্যানিয়েল উইলিয়ামস সময় নিয়েছেন ৪৭.৪৬ সেকেন্ড। তিনটি হিটের সামগ্রিক ফলাফলে জহির ১৪তম হয়েছেন। প্রথম হয়েছেন জ্যামাইকার অ্যান্থনী কক্স। তিনি সময় নিয়েছেন ৪৬.৮৬ সেকেন্ড।
 
সেমিফাইনালে ওঠার হিটে ৪৮ সেকেন্ড সময় নিয়েছিলেন জহির। ১৯৯৮ সালে মস্কোর ওয়ার্ল্ড ইয়ুথ গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফির সেমিফাইনালে ওঠার পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো প্রতিযোগিতায় দেশের প্রথম অ্যাথলেট হিসেবে এই কৃতিত্ব দেখান তিনি।
 
ইত্তেফাক/এমআর