অনেক দিন পর আবার কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ভেনাস উইলিয়ামস। তাতে কপাল পুড়লো বৃটিশদের। কেননা ভেনাস যে গতকাল বৃহস্পতিবার স্বাগতিক জোহানা কন্টাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ষষ্ঠবারের মতো উইম্বলডন জয়ের লক্ষ্যে ফাইনাল নিশ্চিত করলেন।
শিরোপা লড়াইয়ে এখন তার প্রতিপক্ষ গার্বিন মুগুরুসা। স্পেনের মুগুরুসা একই দিনে অপর সেমিফাইনালে অবাছাই স্লোভাকিয়ার ম্যাগডালেনা রিবারিকোভাকে ৬৪ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ গেমে হারিয়ে ভেনাসের প্রতিপক্ষ হন।
মুগুরুসার এটি দ্বিতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে ওঠার ঘটনা। আগামিকাল শনিবারের ফাইনালে জিতলে ২০১৬ সালের ফরাসি ওপেন জয়ী মুগুরুসার এটি হবে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়।
ভেনাস ২০০৯ সালের পর গত বছরের আগ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল পেরোতে পারছিলেন না। এখন তিনি টানা শেষ চারে উঠে নয় বছরের মধ্যে প্রথম কোন গ্র্যান্ড স্লাম শিরোপার স্বপ্ন দেখছেন। ২০০০ সালে নিজের প্রথম উইম্বলডন জেতা ও এবারের আসরের ১০ম বাছাই ভেরেনা ৩৭ বছর বয়সেও দুর্দান্তপনা দেখাচ্ছেন। যদিও পেশাদার টেনিসে অধিকাংশের ক্ষেত্রে এটা ভালভাবেই অবসরের সময়।
বৃটিশ কন্টার সামনে লক্ষ্য ছিল স্বদেশী ভার্জিনিয়া ওয়েডের ১৯৭৭ সালের সাফল্যের পর প্রথম বৃটিশ নারী হিসেব উইম্বলডন জয়। কিন্তু বর্তমানে ৭২ বছর বয়সী ওয়েডের সমকক্ষ হতে পারলেন না কন্টা।
ইত্তেফাক/এমআর
