লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১২:৫৭
 
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। শুক্রবার  সকাল সাড়ে ৭টায় নোয়াখালী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তার ভাগিনা মোঃ মাহবুবুল আলম তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর ও কিডনি রোগে ভুগছিলেন।
 
তার মৃত্যুতে লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহের, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
 
শামছুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক জেলা পরিষদের প্রশাসক ছিলেন। জেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল সাড়ে ৫টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা ও গ্রামের বাড়ী বশিকপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ