কীর্তনখোলা নদীতে শুক্রবার সকালে তেলবাহী ট্যাংকারের সঙ্গে একটি কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্যাংকার থেকে অল্প পরিমাণ ডিজেল বের হয়ে নদীতে ছড়িয়ে পড়েছে।
তেলবাহী ট্যাংকারের মাস্টার জামসেদুর রহমান জানান, সকালে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে চট্টগ্রাম থেকে বরিশালে আসার পথে ফ্লাইএ্যাশবাহী কার্গোটি আঘাত করে। এতে ট্যাংকারটির বাম পাশের অংশ ফেটে অল্প পরিমাণ ডিজেল নদীতে ছড়িয়ে পড়েছে। তবে কি পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে সেটা বলা সম্ভব নয় বলে তিনি জানান। জাহাজটিতে সাড়ে ৯ লাখ লিটার ডিজেল এবং তিন লাখ লিটার পেট্রোল ছিল বলে জানা যায়।
ফ্লাইএ্যাশবাহী এমভি মা-বাবার দোয়া-২ কার্গোর এরশাদ আলী নামে এক কর্মকর্তা বলেন, ঢাকার উদ্দেশ্যে মেঘনা গ্রুপের এ ফ্লাইএ্যাশ নিয়ে কীর্তনখোলা নদী অতিক্রম করছিলো। এসময় আকস্মিকভাবে তেলবাহী ট্যাংকারটি তাদের কার্গোটিকে ধাক্কা দেয়। তবে এর জন্য উভয়কর্তৃপক্ষ দায়ী বলে মনে করেন তিনি। এ দুর্ঘটনায় তার কার্গোর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করছেন তিনি।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মো. হানিফ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেমন কোন উদ্ধারকাজ করতে হয়নি। তবে নদীর অনেক জায়গায় তেল ভাসতে দেখা গেছে।
ইত্তেফাক/জামান
