গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার কারণে উপজেলায় ১০২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
যমুনা নদীর উৎসমুখ বাহাদুরাবাদ পয়েন্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়ছে প্রায় ৩০ হাজার লোক। চরাঞ্চলের লোকজন তাদের বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যার পানিতে টিওরয়েল ডুবে যাওয়ায় বন্যা দুর্গতদের খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে।
এদিকে বন্যার কারণে কয়েকটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জামালপুর-মেলান্দহ-মাদারগঞ্জ ও সরিষারাড়ি সড়কের কয়েকটি পানি উঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সড়কে বাস, ট্রাক,পিকআপসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ তানভীর আহম্মেদ জানান, বন্যায় ৭৪ হেক্টর আউস, ৭৪ হেক্টর সবজি, ৩৫০ হেক্টর পাট ও ১৫ হেক্টর বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে গছে।
ইত্তেফাক/ইউবি
