সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে আরো ১৬ জন আক্রান্ত

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২০:১৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি পাহাড়ের ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত রোগে শনিবার নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হয়েছে। 
 
তাদের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রোগে এই পর্যন্ত ৮৪ জন শিশু আক্রান্ত হয়েছে এবং ৯ শিশু মারা গেছে। 
 
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই পাহাড়ে তিনটি টিলায় ত্রিপুরা পল্লী রয়েছে। আগে দুটি টিলার শিশুরা আক্রান্ত হয়েছিল। শনিবার অপর টিলা থেকে আক্রান্ত শিশুদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পল্লীতে স্বাস্থ্য সেবা কার্যক্রম চলছে। কোন শিশু জ্বরে আক্রান্ত হলে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য পল্লীতে বসবাসকারীদের বলা হয়েছে।
 
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী ইত্তেফাককে বলেন, শনিবার আক্রান্ত ১৬ জনকে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিআইটিআইডি থেকে ২০ জন শিশুকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত সকল শিশু সুস্থ আছেন। তাদের চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন দুটি শিশু সুস্থ রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি