ইসলামপুরে বন্যার পানিতে শিশু নিখোঁজ

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২৩:১২

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে বন্যার পানিতে ডুবে বাইসাইকেলসহ আরাফাত (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে পৌর এলাকার দক্ষিণ কিংজাল্লা গ্রামের হাসেন আলীর ছেলে।

শিশুর চাচা নজরুল ইসলাম জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ৫টার দিকে আরাফাত সাইকেল বন্যার পানি দেখতে বের হয়। সাইকেল থেকে একটি ব্রিজের উপর দাঁড়াতে পা ফসকে স্রোতের মধ্যে পড়ে নিখোঁজ হয় সে।

স্থানীয় অলি, রাশেদ, রাজনসহ কয়েকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জামালপুর ও ইসলামপুর ষ্টেশনে ডুবুরি না থাকায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় নাই। তবে ময়মনসিংহের ডুবুরি টাংগাইল জেলার নাগরপুরে গিয়েছেন। তাদের সংবাদ দেওয়া হয়েছে। এলে উদ্ধারের চেষ্টা করা হবে।

রাতে ইসলামপুর থানার এস আই হাসমত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নৌকা দিয়ে খোঁজাখুঁজি অব্যহত রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আরাফাতকে জীবিত বা মৃত কোনো অবস্থার সন্ধান পাওয়া যায় নি।

ইত্তেফাক/নূহু