জামালপুর জেলার ইসলামপুরে সদর ইউনিয়নের পাঁচবাড়িয়ায় বন্যার পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার সাথে থাকা বাই-সাইকেলটিও উদ্ধার করা হয়। মৃত আরাফাত (১২) পৌর এলাকার দক্ষিণ কিংজাল্লা গ্রামের হাসেন আলীর ছেলে।
আজ রবিবার সকাল ৮টার দিকে পাঁচবাড়িয়া গ্রামের করিমের বাড়ির সামনে পানিতে লাশ ভেসে থাকতে দেখে আল হাফেজ নামের এক যুবক ওই লাশ উদ্ধার করে। শিশুর চাচা নজরুল ইসলাম ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর বুলবুল জানান, বাদ আসর জানাযা নামাজ শেষে পৌর কবর স্থানে তার লাশ দাফন করা হবে।
অপরদিকে স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানান, ডুবুরি জামালপুর পর্যন্ত আসার পূর্বেই লাশের সন্ধান পাওয়া গেছে। সে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। আরাফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/এমআই
