যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদ্রিত (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা শওকত ওসমান (৪০) ও তার স্ত্রী সাথী খাতুন (৩৫) এবং অপর মোটরসাইকেলের চালক রাশেদ (২৫)।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে চৌগাছা পৌর এলাকার বেলেমাঠ বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা আহসানিয়া মিশনের কৃষি প্রকল্পের সুপারভাইজার শওকত ওসমান, শিশুপুত্র আদ্রিত ও স্ত্রীসহ মহেশপুরের দিক থেকে চৌগাছায় আসার পথে বেলেমাঠ বটতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা তিন যাত্রী বহনকারী একটি পালসার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে শওকত ওসমান, তার স্ত্রী সাথী খাতুন, শিশু পুত্র আদ্রিত এবং অপর মোটরসাইকেল চালক রাসেদ (২৫) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদ্রিত (৫) মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাতেই শওকত ওসমানকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
শওকত ওসমান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বগাজান গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত রাশেদ ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের ইমদাদুল হকের ছেলে। এ ঘটনায় পুলিশ পালসার মোটরসাইকেলের আরোহী ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের ইছাহকের ছেলে রুবেলকে (২৬) আটক করেছে। একই গ্রামের বজলুর রহমানের ছেলে আল-আমীন নামে একজন পলাতক রয়েছেন।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
