চট্টগ্রাম মিরসরাইয়ের সুফিয়ার রোড এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনা উল্টে গিয়ে চার যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১২ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার দুপুর দেড়টার দিকে।
নিহতরা হলেন, উপজেলার গজারিয়া গ্রামের অমূল্য মজুমদারের স্ত্রী মলিনা মজুমদার (৪৫), লুদ্দাখালী গ্রামের মাহফুজ ভূঁইয়া বাড়ির মো. সুমন (৩৫) ও কাটাছড়া ইউনিয়নের মৃত আবদুল খালেকের পুত্র মফিজুল ইসলাম (৬০) ও তেতৈয়া গ্রামের মৃত ললিত মোহন দেবনাথের পুত্র প্রদীপ দেবনাথ (৪৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল, মাতৃকা হাসপাতাল ও মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাই থানার এসআই কামাল হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ার রোড় এলাকায় বড়দারোগাহাট থেকে বারইয়ারহাটগামী যাত্রীবাহী একটি লেগুনাকে পিছন দিক থেকে ভুট্টা বোঝায় একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় লেগুনাটি সামনে থাকা আরেকটি পিকআপকে ধাক্কা দেয়। পরবর্তীতে লেগুনা এবং ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লেগুনার তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে আরেকজন মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনা উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
