নারায়ণগঞ্জে এক লাখ ৬৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২১:১৯
 
নারায়ণগঞ্জে এক লাখ ৬৭ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে তাদের আটক করা হয়।
 
এসময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আটককৃতরা হলেন- নুরুল ইসলাম (৩০) ও আলম (৩০)। রবিবার বিকালে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। নুরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগরের মৃত কাওসারের ও আলম ঢাকা যাত্রাবাড়ির মীর হাতিবাগ এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
 
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল রাতে চিটাগাং রোডের ডাচ বাংলার সামনে থেকে তাদের আটক করে। এসময় যানহবানটির চেসিসের ভিতরে রক্ষিত এক লাখ ৬৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, ইয়াবার এ বড় চালানটি কক্সবাজারের টেকনাথ থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করে। অন্যদিকে ডিবি পুলিশের অপর একটি টিম শনিবার রাতে সদর উপজেলার কুতুরপুর ইউনিয়নের নয়ামাটি এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ বাদশা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বাদশা ওই এলাকার মৃত সোলাইমানের ছেলে।
 
ইত্তেফাক/জামান