ওমানে দেওয়াল চাপায় ফেনীর সেলিম নিহত

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২৩:০৪

ওমানে নির্মাণাধীন একটি দেয়াল চাপায় মোঃ সেলিম (৩৫) নামে এক যুবক মারা গেছে। তার বাড়ি ফেনী সদর উপজেলা ১১ নং মৌটবী ইউনিয়নের কচুয়া গ্রামে। তিনি ভূঁঞা বাড়ীর আবুল খায়ের মাষ্টারের বড় ছেলে।

সেলিমের পারিবারিক সূত্রে জানায়, ওমানে বসবাসরত মোঃ সেলিম ১৪ জুলাই শুক্রবার ওমানের মাস্কাট শহরে বিকাল ৫ টায় বেড়াতে বের হয়। এ সময় প্রচুর বৃষ্টি শুরু হয়। সেলিম একটি দেয়ালের পাশে আশ্রয় নেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই দেয়ালটি ভেঙে তার গায়ের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

ওমান পুলিশ সেলিমকে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। ফেনীতে সেলিমের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।

স্থানীয় ইউ.পি. চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিমের নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে সেলিমের বাড়িতে শোকের মাতম চলছে।

ইত্তেফাক/নূহু