ধর্ষণ অভিযোগে বানারীপাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২৩:১১
 
বরিশালের বানারীপাড়ায় এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ধর্ষিতার স্বামী শিশু ও নারী নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করলে সন্ধ্যায় তিনি গ্রেফতার হন।
 
মামলায় সুমন ছাড়াও তার আরও ৪/৫ জন সহযোগীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা দায়েরের খবর পেয়ে সুমন হোসেন মোল্লা নিজেকে রক্ষা করতে রবিবার সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে শ্লেটার নিতে গেলে তিনি কোতয়ালী থানা পুলিশকে খবর দিয়ে সুমনকে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে।
 
বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে ভিকটিমকে থানায় আনা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান