মঠবাড়িয়ায় সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ আহত ৭

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০২:২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের দুই মহিলাসহ সাত জন আহত হয়েছে। আজ রবিবার রাত ৮ টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখম একই পরিবারের বৃদ্ধ আ.রশীদ (৮০) ও তার ভাই আ. মন্নান(৭৫) কে বরিশাল সেবাচীম হাসপাতালে স্থানান্তর করেছেন।

আ.রশীদের স্ত্রী শামসুন্নাহার (৫০), মো.শহআলম ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং অপর পক্ষের আলকাসের দুই ছেলে সৌদি প্রবাসি ইউসুফ হাওলাদার (৩২) ও ইদ্রিস হাওলদার (২২) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মেডিকেল অফিসার ডা. সিদ্দিকুর রহমান জানান বৃদ্ধ আ.রশীদের অবস্থা আশংকাজনক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বড়শৌলা গ্রামের আ. রশীদ হাওলাদারের একটি গরু চাচাত ভাই আলকাসের ক্ষেতের মরিচগাছ ও কাঠালের পাতা খায়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায় মারামারি হয়। এতে আলকাসের দুই ছেলে ইউসুফ ও ইদ্রিস আহত হয়।

এ ঘটনার জের ধরে পরবর্তীতে রাত পৌনে ৮ টার সময় আলকাস হাওলাদার ও তার ছেলে ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় আ.রশীদ ও তার ভাই মন্নানের বসত ঘরে হামলা চালায়। এসময় একই পরিবারের পাঁচ জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু