ফরিদপুরের সদরপুরে অ্যাম্বুলেন্সে গভীর রাতে ডাকাতিকালে হিরা আক্তার (১৬) নামের সাপ কামড়ানো এক রোগীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও ৫টি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। নিহত হিরা আক্তার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামের আঃ মান্নান মিয়ার মেয়ে। গত শনিবার রাত পৌনে ২ টায় সদরপুর- টেপাখোলা সড়কের লেংড়ার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আঃ মান্নান জানান, তার মেয়ে হিরা আক্তারকে শনিবার রাতে বিষধর সাপ দংশন করে। তাকে প্রথমে বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা লাঠি দিয়ে পিটিয়ে তার অসুস্থ মেয়েকে হত্যা করে ও অন্য ৫ জনকে পিটিয়ে আহত করে তাদের সর্বস্ব কেড়ে নেয় ।
ইত্তেফাক/এমআর
