চট্টগ্রামে চিকুনগুনিয়ার রোগীর সন্ধান

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১০:০৯
 
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী কয়েকদিন আগেও বন্দর নগরীতে চিকুনগুনিয়ার অস্তিত্ব নেই দাবি করলেও এবার সেই বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। গতকাল রবিবার চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি জানিয়েছেন, চট্টগ্রামে চিকুনগুনিয়ার দুয়েকজন রোগী আছেন। তবে তারা সুস্থ আছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
 
চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত ওই সভায় সিভিল সার্জন জানান, চিকুনগুনিয়া ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও করণীয় নির্ধারণে তার কার্যালয় কাজ করছে। শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যমেও চিকুনগুনিয়া নিয়ে সবাইকে সচেতন করা হবে বলেও জানান তিনি।
 
তার বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী চিকুনগুনিয়া প্রতিরোধে ফেসবুকে লাইভে (সরাসরি সমপ্রচার) এসে এ বিষয়ে বক্তব্য প্রচারের জন্য সিভিল সার্জনকে আহ্বান জানান। তিনি বলেন, ‘কিছু মানুষ ফেসবুক লাইভে এসে আজাইরা কথা বলে। কোনো কাজের কথা বলে না। খুব বিরক্ত লাগে। আপনি (সিভিল সার্জন) লাইভে এসে চিকুনগুনিয়া সম্পর্কে মানুষদের জানান।’
 
সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৪২টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
 
ইত্তেফাক/এমআর