রায়পুরায় নিখোঁজের তিনদিন পর পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৮:০৬
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর তৌহিদুল ইসলাম রুবেল ওরফে রুবেল মোল্লা (৩৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
সোমবার দুপুরে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
 
ওসি দেলোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার তুলাতলী গ্রামের মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে রুবেলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। ব্যবসায়ী রুবেল বেলাব উপজেলার রাজারবাগ গ্রামের আবু সায়েদ মাস্টারের ছেলে।
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুবেল ১৪ জুলাই শিবপুরের ইটাখোলা এলাকা থেকে নরসিংদী সদরে যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে শিবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোজের তিন দিন পর সোমবার দুপুরে রায়পুরা উপজেলার তুলাতলী গ্রামের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
ইত্তেফাক/ইউবি