নড়াইলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলা এবং ভুক্তভোগীর অসম্মতিতে গর্ভপাত ঘটানোয় সদর থানার শেখহাটি পুলিশ ক্যাম্পের আইসি সাময়িক বরখাস্তকৃত এসআই আবদুল করিমের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। সোমবার নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মুন্সীর আদালতে এই মামলা দায়ের করেন সুইটি খানম।
বিচারক মামলাটির জুডিসিয়াল তদন্ত করে আগামী ৩ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানকে নির্দেশ দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, কালিয়া থানার চাঁদপুর এলাকায় কাওসার শেখের কন্যা স্বামী পরিত্যক্তা সুইটি খানম বাবার বাড়িতে বসবাস করতেন। প্রায় ৭ মাস আগে কালিয়া থানায় কর্মরত থাকাকালীন এসআই আব্দুল করিম সুইটি খানমের বাড়িতে যাওয়া-আসা করতেন। এক পর্যায় পুলিশ কর্মকর্তা তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর ১৬ ডিসেম্বর তার (বাদী) বাড়িতে তাকে ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সুইটি এসআইকে বিয়ের কথা বললে তিনি সুকৌশলে এড়িয়ে চিকিৎসার নাম করে তাকে ইনজেকশন ও খাওয়ার বড়ির মাধ্যমে গর্ভপাত ঘটান।
পরে ভুক্তভোগী নারী সংশ্লিষ্ট দফতরে এসআই করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নির্দেশে গত জুন মাসে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ইত্তেফাক/কেকে
