পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আলম হাওলাদার (৫৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মুসুল্লীবাড়ি এলাকায় একটি চা-বিস্কুটের দোকানে আগুন লেগে এ ঘটনা ঘটে। তার নাম আলম হাওলাদার, উপজেলার মিরুখালী ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মৃত. আতাহার আলী হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। সিগারেটের আগুনে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার মসল্লীবাড়ি সংলগ্ন চা-বিস্কুটের দোকান ঘরে দিনের বেচাকিনা শেষে রাতে দোকান ঘরে ঘুমিয়ে ছিলেন আলম হাওলাদার। গভীর রাতে তার ওই দোকান ঘরে আগুন লাগে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকান ঘরের মধ্যে আটকা পড়ে দগ্ধ হয়ে আলম হাওলাদার নিহত হন।
ওই রাতেই মঠবাড়িয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ ও থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক মাহাবুবুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হচ্ছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
ইত্তেফাক/এমআই
