সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু সীমান্ত এলাকায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে নদী পথে আনা ১১ লাখ ৭৫ হাজার ১’শ টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার জেলার সাতবসু এলাকা থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের শাড়ি ৭৬৯ পিস, পাতার বিড়ি ২ লাখ ৭ হাজার ২০০ পিস ও নৌকা ১টি। এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, কালিগঞ্জ সীমান্ত এলাকা থেকে নৌকা ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের খানজিয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মজিবুর রহমান-এর নেতৃত্বে একটি টহল দল ভোরে উপজেলার সাতবসু এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ লাখ ৭৫ হাজার ১’শ টাকার ভারতীয় শাড়িসহ মালামালগুলো জব্দ করা হয়। পরে মালামালগুলো নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়।
বিজিবি নীলডুমুরস্থ ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক রেজোয়ান-উল-ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
