খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ এবং পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন দৌলতপুরের আঞ্জুমান রোডের নূরু পাটোয়ারীর ছেলে।
দৌলতপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল ডাকাত দৌলতপুর কল্পতরু মার্কেটের মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের একটি দল কল্পতরু মার্কেটের মাঠে অভিযন চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এলোপাতাড়িভাবে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ডাকাত দলের সদস্য দেলোয়ার হোসেন হাঁটুতে গুলিবিদ্ধ এবং পুলিশের উপ-পরিদর্শক আরাফাত হোসেন ও কনস্টেবল মাহবুব আহত হন।
এ ঘটনার পর পর ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি, ২টি রামদা ও একটি শাবল উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ দেলোয়ারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ও আহত পুলিশের দুই সদস্যকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় হত্যা প্রচেষ্টা, ডাকাতি ও মাদকসহ ৫টি মামলা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত রবিবার নগরীর প্রভাতী স্কুলের পিছনে বন্দুকযুদ্ধে বাবু ওরফে গুড্ডু বাবু ও আল মাহমুদ নামে দুই সন্ত্রাসী নিহত ও নূরনগর এলাকায় ইয়াসিন আরাফাত নামে অপর এক সন্ত্রাসী দুই হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন।
ইত্তেফাক/কেকে
