টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে ৩৫টন ইউরিয়া সার সহ ট্রাক পানির নিচে তরিয়ে গেছে। আহত হয়েছেন ট্রাকের ড্রাইভার ওমর আহমেদ (৪০) ও হেলপার আবু বকর (৩৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে।
প্রত্যক্ষদর্শী জাঙ্গালিয়া গ্রামের সাবেক কৃষি ব্যাংকের ক্যাশিয়ার খসরু খান ও সাবেক মহিলা ইউপি সদস্য সোমা বেগম বলেন, 'ইউরিয়া সার সহ ১০চাকার ট্রাকটি কাঁপতে কাঁপতে ব্রিজের উপর উঠতে থাকে। প্রায় ৮/১০ ফুট যাওয়ার পর আস্তে আস্তে ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে গিয়ে ট্রাকটি পশ্চিম দিকে পানিতে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপার কোন রকমে বের হয়ে সাঁতরায়ে সড়কে উঠে। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে দেলদুয়ার হাসপাতালে পাঠায়।
তাৎক্ষনিক খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রাক ড্রাইভার ওমর আহমেদ বলেন, ৩৫ টন ইউরিয়া সার নিয়ে আমরা চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাচ্ছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের দেলদুয়ার হয়ে টাঙ্গাইল যাওয়ার জন্য বলা হয়েছিল। বেইলি ব্রিজে উঠার পর তা ভেঙ্গে ট্রাকসহ আমরা পানিতে পড়ে যাই। কোন রকমে দরজা খুলে প্রাণে বেঁচে আসি। এদিকে আহত ট্রাক ড্রাইভার ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল হাকিম বলেন, আমরা ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সব ধরণের ব্যবস্থা ইতি মধ্যেই গ্রহণ করেছি। খুব দ্রুত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
ইত্তেফাক/জামান
