মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধসহ ছয়দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় আভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাতে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ লাগাতার ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরপাল্লার কিংবা আভ্যন্তরীণ রুটের বাস চলাচল করেনি।
মঙ্গলবার সকাল থেকে এ ধরণের যান চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। এছাড়া বিভিন্ন পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাক চলাচলও বন্ধ রয়েছে। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া বলেন, 'পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে আমাদের পরিবহন ধর্মঘট চলছে। ছয় দফা দাবি মেনে নেয়া না পর্যন্ত এ কর্মসূচি চলবে।'
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি মো. ইউনুস মিয়া জানান, সকালের দিকে আশুগঞ্জ এলাকায় দূরপাল্লার বাস চলাচলে বাধার সৃষ্টি করতে চায় আন্দোলনে সংশ্লিষ্টরা। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ধর্মঘটের কারণে পৌর বাস টার্মিনাল ও মেড্ডা বাস স্ট্যান্ড থেকে কোনো যাত্রীবাহী লোকাল বাস ছেড়ে যায়নি। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ইত্তেফাক/জামান
