বন্যায় ভেঙে গেছে মেলান্দহ মাদারগঞ্জ সড়কের বেড়িবাঁধ

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ০০:৫৪

মেলান্দহ-মাদারগঞ্জ সড়কের বেড়িবাঁধ বন্যার পানিতে ভেঙে গেছে। ১৯৭৬ সালে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত একমাত্র বন্যা নিয়ন্ত্রণ ওয়াপদা বাঁধটি সড়ক হিসেবে ব্যবহার হয়ে আসছিল। যা মেলান্দহ-মাদারগঞ্জ-ইসলামপুরের উলিয়া হয়ে গুঠাইলের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করেছে।

১৯৮৮ সালের বন্যায় বাঁধের চাইলেনীপাড়ার অংশ ভেঙে যায়। ১৯৯৬ সালের বন্যায় ভাঙনের ফলে বাঁধের আরো ক্ষতি হয়। এতেই শেষ নয়, দ্বিতীয় দফা ভাঙনের ফলে এলাকাটি হুমকিতে পড়ে। অপরদিকে সাদিপাটি বলিদাখালি নদী ভাঙনের ফলে সাদিপাটি ব্রিজ-বাজার, মসজিদসহ ২০টি বসতি বিলীন হয়ে যায়।

মাহমুদপুর থেকে আদারভিটা হয়ে বীরসগুনা পর্যন্ত ২৩ হাজার দুইশ মি. ওয়াপদা বাঁধটি রাস্তা হিসেবে পাকাকরণের জন্য ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দেয়। জামালপুর এলজিইডি এটি বাস্তবায়ন করছে। মেসার্স অনন্ত এন্ড ইয়াকুব (জেভি) নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে। কিন্তু এ সময় বাঁধ ভেঙে তছনছ করে দিয়েছে চলতি বন্যার পানি।

এলজিইডির তদারককারী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান জানান, পাকা কাজের ৩৫% কাজ শেষ করার পর নির্মাণাধীন বাঁধটি পানির স্রোতে ভেঙে যায়। ইতোমধ্যেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর আবারো নতুন করে বাঁধ নির্মাণের তাগিদ দিয়েছেন।

ইত্তেফাক/নূহু