নওগাঁয় বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১২:৪৪
 
নওগাঁর সাপাহার সীমান্তের ভারতের অভ্যন্তরে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ সদস্যরা। আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার কলমিডাঙ্গা এলাকার সীমান্ত দিয়ে ভারতে ঢুকে গরু আনার সময় বিএসএফ তাদের আটক করে।
 
আটককৃতা হলেন, কলমিডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুর রহমান (২৮) ও কারিয়াপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হক (৩০)।
 
বিজিবি-১৪ (পত্নীতলা) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল খিজির খান জানান, উপজেলার কলমিডাঙ্গা এলাকার সীমান্তের ২৪০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে মঙ্গলবার রাতে অবৈধ আটককৃতরা ভারতে গরু আনতে গিয়েছিলেন। রাতে গরু কিনে নিয়ে বাংলাদেশে আসার সময় আজ ভোরে সনঘাট বিএসএফের টহল দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। 
 
অবৈধ প্রবেশের অভিযোগে বিএসএফ তাদের নামে মামলা দিয়ে মালদহ জেলার বামনগোলা থানায় হস্তান্তর করতে পারে। তবে সকালে ঘটনাটি জানতে পেরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/কেকে