খুলনায় ছিনতাইকারীর দুই চোখ উপড়ে দিয়েছে জনতা

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:২৫
 
খুলনায় মো. শাহজালাল ওরফে শাহ (৩১) নামে এক ছিনতাইকারীর দুই চোখ উপড়ে দিয়েছে জনতা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর গোয়ালখালী বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
 
মো. শাহজালাল নগরীর খালিশপুর নয়বাটি রেল বস্তি এলাকার জাকির হোসেনের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
খালিশপুর থানার ওসি মো. নাসিম খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর খালিশপুরের পুরাতন যশোর রোডের বাসিন্দা শুকুর আহমেদের মেয়ে ও স্ত্রী শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে দুইজনে এসে শুকুর আহমেদের মেয়ে সোমা আক্তারের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। সাথে সাথে সোমা চিৎকার করলে স্থানীয় জনতা ছিনতাইকারী শাহকে ধরে ফেলে। অপর ছিনতাইকারী শুভ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। শাহকে আটকের পর স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে দুই চোখ তুলে নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে শাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করে। এ ঘটনায় সোমা আক্তার দ্রুত বিচার আইনে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
 
আটক শাহর বিরুদ্ধে পিরোজপুর, খুলনা সদর ও ডুমুরিয়া থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে বলে জানান ওসি।
 
ইত্তেফাক/কেকে