নওগাঁর বদলগাছীতে বাড়িতে ট্যাক্টর ঢোকাতে গিয়ে চিলেকোঠা ভেঙে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাগরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন- ওই গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (২৫) ও মোহাম্মদ আলীর ছেলে লিটন হোসেন (২২)।
গ্রামবাসী জানান, ট্যাক্টর মালিক মোহাম্মদ আলী তার ছোট ভাই জিল্লুর রহমানের বাড়িতে ট্যাক্টর রাখতেন। বুধবার বেলা ১১টার দিকে তিন ব্যক্তি ওই বাড়িতে ট্যাক্টর ঢোকাতে গেলে দরজায় আটকে যায়। তখন একব্যক্তি সাবল এনে দরজায় ধাক্কায় করলে চিলেকোঠা ভেঙে তাদের ওপর পড়ে। লোকজন এসে তাদের উদ্ধার করে দুইজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও একজনকে আক্কেলপুর উপজেলা হাসপাতালে পাঠায়। পথিমধ্যে নাজমুল হক ও লিটন হোসেন মারা যান। আহত অখিল চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক। তাকে আক্কেলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, ট্যাক্টর ঢোকাতে গিয়ে চিলেকোঠা ভেঙে পড়ে নাজমুল হক ও লিটন হোসেন মারা গেছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি
