রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাস স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন চলতি দলবদলের বাজারে ক্লাব ছাড়ার কোন আগ্রহই তার নেই। বরং বার্নাব্যুতে থেকে আরো বেশী শিরোপা জয়ের দিকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।
আসন্ন মৌসুমে লস ব্ল্যাঙ্কোসরা ডেভিড ডি গিয়া, থিকো কোর্তোয়া, জিয়ানলুইগি ডেনোরুমার মত গোলরক্ষকদের দলে নিয়ে আসতে তৎপরতা চালাচ্ছে বলে ট্রান্সফার মার্কেটে গুজব রয়েছে। আর সে কারণেই মাদ্রিদের কোস্টারিকান গোলরক্ষক নাভাসের ভবিষ্যৎ কিছুটা হলেও শঙ্কায় পড়েছে।
নাভাস অবশ্য স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে থাকতে পেরে আমি দারুণ খুশী। যেদিন আমি ক্লাব সভাপতির সাথে প্রথম দেখা করেছিলাম সেই দিনটি আমার ক্যারিয়ারে চির স্মরণীয় হয়ে থাকবে। যখন কেউ বিশ্বের সেরা ক্লাবে নাম লেখাবে সেদিন থেকেই সে ইতিহাসের অংশ হয়ে যাবে। এর মাধ্যমে নিজ দেশকেও ইতিহাসের সাথে সম্পৃক্ত করার সুযোগ হবে।
নাভাস যোগ করেন, এই ক্লাবের হয়ে আরো বেশী শিরোপা জেতার স্বপ্নই এখনো আমার মধ্যে কাজ করে। জিদানের সাথে আমার সম্পর্কেরও কোন পরিবর্তন হয়নি। কোচ হিসেবে সে সবসময়ই আমাদেরকে আত্মবিশ্বাস দিয়ে এসেছে। আগের থেকে এখন আমি আরো বেশী পরিনত বোধ করছি। ২০১৪ সালে লেভান্তে থেকে যোগ দেবার পরে রিয়ালের হয়ে নাভাস এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৯৭টি ম্যাচে অংশ নিয়েছেন। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির
