সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ২

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৭:১৩
 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডিপুর মালভাঙ্গা গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও নারীসহ আরো তিনজন আহত হয়েছেন। এঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জানা গেছে, ওই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রতিবেশী মৃত ফেলানের ছেলে কলিম উদ্দিনের জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার দুপুরে আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে বিরোধ পূর্ণজমিতে বীজতলা তৈরি করতে গেলে কলিম উদ্দিন তার লোকজন নিয়ে বাঁধা দেয়। এতে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে চারজন আহত হন।
 
আহতরা হলেন, শহিদুল ইসলাম, শরিফা বেগম, গোলাপি বেগম ও শিরিনা খাতুন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে আহত আবু বক্কর এর ছেলে শহিদুল ইসলাম মারা যান। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকার উত্তেজিত জনতা কলিম উদ্দিন সরদারের বসত বাড়িতে হামলা চালিয়ে ২০টি টিনের ঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ করে ভস্মীভূত করে।
 
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত থাকায় রহিমা ও কহিনুর নামের দুই জন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে নিহত শহিদুলের ভাগিনা আব্দুর রাজ্জাক বাদী হয়ে বুধবার ৩২ জন নামীয় ও ৯/১০ জনকে অজ্ঞাত আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের জন্য তৎপরতা চলছে।
 
ইত্তেফাক/জামান