শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৮:৪৮
 
প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল টানা ১১ দিন ধরে ব্যাহত হচ্ছে। এতে ফেরি চ্যানেলে নাব্যতার সৃষ্টি হয়েছে। ফলে শিমুলিয়া ঘাটে পণ্যবাহী দুইশ' ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
 
তবে বিগত কয়েক দিনের তুলনায় বুধবার যানজট অপেক্ষাকৃত হ্রাস পেয়েছে। কারণ বহরে আরও একটি ডাম্প ফেরি যুক্ত করা হয়েছে। পারাপারে সময় বেশি লাগার কারণে জনদুর্ভোগও বেড়েছে। এতে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
 
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ জানান, বহরে একটি ডাম্প ফেরি যুক্ত হওয়ায় এখন ফেরি সংখ্যা ১৮টি। অপর চারটি ফেরি বসে আছে। তিনটি রোরো, চারটি কে-টাইপ, পাঁচটি ডাম্প ও দু'টি মিডিয়াম ফেরি চলছে। তবে এখন চলাচল করছে ১৪টি ফেরি।
 
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক জানান, ফেরি চলাচল করা চ্যানেলে এখন কিছুটা সমস্যা হচ্ছে। তবে শীঘ্রই ড্রেজিং শুরু হবে। ড্রেজিং শুরু হলে চ্যানেলের নাব্যতা ফিরে এসে সমস্যা লাঘব হবে।
 
ইত্তেফাক/জামান