রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মিজানুর রহমান মিজান (১৯) ও তানজিমুল মাহতাব (২০)। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
জানা গেছে, নিহত মিজনের বাবার নাম হাবিবুর রহমান। তাদের বাড়ি রাজধানীর সারুরিয়ার বামনই এর ১৪৮ নম্বর পশ্চিম টেঙরায়। আর নিহত তানজিমুল মাহতাবের বাবার নাম আব্দুল হাই। তাদের বাড়ি কদমতলীর শনির আখড়ার ১৬৭২ নম্বর স্মৃতিধারা আবাসিকে।
নিহতদের স্বজনরা জানান, বুধবার সকালে মিজান ও তানজিমুলের চার বন্ধু ঢাকা থেকে মিজানদের বাড়িতে যান। এরপর দুপুরে তারা সবাই মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। এক সঙ্গে তারা সবাই নদীতে নেমে গোসল করে। হঠাৎ মিজান, তানজিম ও শিহাব পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা শিহাবকে উদ্ধার করতে পারলেও মিজান ও তানজিমকে কেউ উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়ে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের উদ্ধার করে। পরে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদ জানান, কলেজ ছাত্রদের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থালে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেলে তাদের সহযোগিতায় দুজনকেই উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
