চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ হত্যাকাণ্ডের পাঁচদিন পর তার স্বদেশী নীরাজ গুরুঙকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার তাকে নিজ বাসা থেকে গ্রেফতারের পর চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশীদের আদালতে হাজির করা হয়। নীরাজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে।
আকবর শাহ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ভূঁইয়া ইত্তেফাককে এসব তথ্য জানান। নীরাজ গুরুঙ চট্টগ্রামের ইউএসটিসি’র এমবিবিএস ২৪তম ব্যাচের শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে নগরীর ফয়’স লেক এলাকার আব্দুল হামিদ সড়কের একটি ভবনের পঞ্চম তলার বাসা থেকে আতিফ শেখের রক্তাক্ত লাশ এবং উইনসন নামে আরো এক ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। আতিফ ও উইনসনকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন নীরাজ। ঘটনার চারদিন পর ভারত থেকে আসা আতিফ শেখের বাবা আব্দুল খালেক গত মঙ্গলবার নগরীর আকবার শাহ থানায় একটি মামলা করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা না হলেও আতিফের সহপাঠী উইলসন, নীরাজসহ ছয় ভারতীয় এবং দুই বাংলাদেশি শিক্ষার্থীকে সন্দেহের তালিকায় রাখা হয় বলে পুলিশ কর্মকর্তা জাকির হোসেন ভূঁইয়া ইত্তেফাককে জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
