নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার দুপুুর সোয়া দুটার দিকে নারায়ণগঞ্জ আদালতপাড়ার বাইরে দুপুরের খাবার শেষে আদালতে ফেরার পথে ৬/৭ জন অজ্ঞাত সন্ত্রাসী এ হামলা চালায়। ওই সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। তবে বিএনপি নেতা টিপুর বড় ধরনের কোন ক্ষতি করতে পারেনি সন্ত্রাসীরা।
টিপু বলেন, ‘যুবক বয়সের ৬/৭ জন ছিল। আমার ধারণা কোন রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে তারা আমার ওপর এ হামলা চালিয়েছে। লোকজন এগিয়ে আসার কারণে আমার কোন ক্ষতি করতে পারেনি তারা। তবে আমি বুঝতে পেরেছি কাজটি কারা করেছে। এখন সেটা প্রকাশ করব না।’
এখানে উল্লেখ্য সম্প্রতি ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুর একটি বক্তব্যের বিরোধীতা করে প্রতিবাদ করেছিলেন আবু আল ইউসুফ খান টিপু। এ নিয়ে দুজনের মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্যের ঘটনা ঘটে। এছাড়াও মহানগর বিএনপির একটি অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদকে উদ্দেশ্য করে আরেকটি বক্তব্য রাখেন তিনি। এর জের ধরে রফিক নামে একজন টিপুকে হুমকি দেয় বলেও ফেসবুকে স্টাটাসে জানান তিনি।
তার আগে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্র্পোরেশন নির্বাচনে ওসমান পরিবার থেকে দুই কোটি টাকা নিয়েছিল বলে তথ্য দিয়েছিলেন। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয়া হয়। যদিও পরে দুজনের মধ্যে মীমাংসাও হয়। এসব কারনে টিপুর উপর হামলাকারী হিসেবে সন্দেহ অনেকের উপর যেতে পারে। যদিও বিষয়টি টিপু বলেছেন, কারা হামলা করিয়েছে বুঝতে পেরেছেন তিনি।
ইত্তেফাক/নূহু
