সিলেটের কোমপানীগঞ্জের ভোলাগঞ্জ ও গোয়াইনঘাটের জাফলংয়ে গত মঙ্গলবার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ২০টি বোমা মেশিন ও ৫টি শ্যালো মেশিন ধ্বংস করেছে প্রশাসন। এসময় ৫ জনকে আটক ও একজনকে জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোলাগঞ্জে রেলওয়ের বাঙ্কারের পাশের এলাকায় অভিযান চালিয়ে ১৬টি বোমা মেশিন ভেঙে ফেলা হয়েছে। এছাড়া ৪টি বোমা মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ আইনে প্রাকৃতিক পরিবেশ নষ্টের দায়ে মোবাইল কোর্ট ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া জাফলংয়ে পিয়াইন নদীর চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। একইদিন বিকালে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহূত ৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে পাথর উত্তোলনের কাজে জড়িত অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করা হয় । এরা হলেন আজিজ মিয়া, ইসহাক মিয়া, আলিম উদ্দিন, বিল্লাল ও শামীম।
ইত্তেফাক/নূহু
