ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি

আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:৫৭
 
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের সর্বমোট প্রাইজমানি এবার নির্ধারণ করা হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার (৪৩.৩ মিলিন ইউরো)। যেকোনো টেনিস ইভেন্টের জন্য যা একটি রেকর্ড। এর মাধ্যমে আরো একবার বছরের সবচেয়ে ধনী টেনিস ইভেন্ট হিসেবে ইউএস ওপেন রেকর্ড বইয়ে জায়গা করে নিলো।
 
যুক্তরাষ্ট্র টেনিস এসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেছে পুরো টুর্ণামেন্টের প্রাইজমানিসহ আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে পুরো ৫০.৪ মিলিয়ন ডলার পুরস্কার বাবদ ব্যয় হবে। এর মধ্যে পুরুষ ও নারী সিঙ্গেলসে চ্যাম্পিয়ন খেলোয়াড় প্রত্যেকে ৩.৭ মিলিয়ন ডলার পকেটে পুরবেন। ২০১৬ সালের তুলনায় প্রাইজমানি প্রতি রাউন্ডে এবার গড়ে প্রায় সাড়ে সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
 
উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন।
 
ইত্তেফাক/এমআর