দফতরি নিয়োগের জেরে মণিরামপুরে ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে তালা

আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:৩৬
 
দফতরি-কাম-নৈশ প্রহরী নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে মণিরামপুরে ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা দিয়েছে বিক্ষুব্ধরা। এই অবস্থায় নিয়োগপ্রাপ্তদের যোগদানে বাঁধাসহ নানা জটিলতার সৃষ্টি হয়েছে।
 
জানা যায়, উপজেলার ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে ওই নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার পর শিক্ষা প্রতিষ্ঠানে তালা, যোগদানে বাঁধা, বিভিন্ন দফতরে অভিযোগসহ নানা ঘটনার সৃষ্টি হয়েছে। দফতরি-কাম-নৈশ প্রহরী নিয়োগের জন্য অতি অল্প সময়ে তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বাছাই কমিটি।
 
বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আবেদনকারীদের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ভিন্ন দু'টি পত্র জারি করা হয়। ওই নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাছাই কমিটি নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বলে ব্যাপক গুঞ্জন ওঠে। প্রতিষ্ঠানগুলোর সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যরা নাশকতা মামলার আসামীসহ কয়েকজনকে বয়স কমিয়ে নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ ওঠেছে।
 
দফতরি কাম নৈশ প্রহরী নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী জানান, কমিটি নিয়ম-বিধি মেনেই নিয়োগ দিয়েছে, তারপরও ভুল-ত্রুটি হতে পারে। তবে টাকা-পয়সা গ্রহণের ব্যাপারে আমি কিছুই জানিনা।
 
ইত্তেফাক/জামান