চট্টগ্রাম নগরীতে সড়ক খোঁড়াখুঁড়ির কারণে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। মূলত ওয়াসার নতুন পানির লাইন স্থাপন ও পুরাতন লাইন মেরামতের কাজ চলমান থাকার কারণে গত কয়েক বছর ধরে এ দুরবস্থা চলছে। এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে নগরীর প্রধান সড়ক সিডিএ এভিনিউর বিভিন্ন স্থানে সৃষ্ট খানা-খন্দ নগরবাসীর দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির উপরিভাগ নান্দনিক সৌন্দর্যে পরিপূর্ণ হলেও নিচে রাস্তার অবস্থা খুবই করুণ। খানা-খন্দ ও ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে ৫ কিলোমিটার সড়ক পার হতে কয়েক ঘণ্টা পর্যন্ত লেগে যাচ্ছে।
ভুক্তভোগীরা জানান, ওয়াসা রাস্তা কাটার কিছুদিন পর সিটি কর্পোরেশন সেখানে কার্পেটিং করে। কিছুদিন যাওয়ার পর আবার একই জায়গায় রাস্তা কাটতে শুরু করে ওয়াসা। কাটা রাস্তার কারণে নগরীজুড়েই কোথাও বিশাল যানজট সৃষ্টি হচ্ছে, কোথাও ধুলাবালিতে পথচারীদের শ্বাসকষ্ট হচ্ছে আবার কোথাও রিকশা বা অটোরিকশা কাঁদা পানির গর্তে পড়ে গিয়ে যাত্রী আহত হচ্ছে। গত কয়েকদিনের টানা বর্ষণে এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাস্তা কাটা ও মেরামতের জন্য ওয়াসা ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন নগরবাসী।
চট্টগ্রাম শহরের বহদ্দারহাট হতে কালুরঘাট পর্যন্ত সড়কে চট্টগ্রাম ওয়াসার নতুন লাইন স্থাপনের জন্য একাধিকবার খোঁড়াখু্ঁড়ির কারণে সড়কটির বেহাল অবস্থা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার সড়কের এক পাশ গত এক বছর ধরে বন্ধ করে ওয়াসা খোঁড়াখুঁড়ি শুরু করে। স্থানীয়রা জানান, ওয়াসা প্রথম পর্যায়ে পানির বড় পাইপ স্থাপনের জন্য এক বছর আগে খোঁড়াখুঁড়ি শুরু করে। পানির পাইপ স্থাপনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাস্তা কার্পেটিং করে ফেলে। কিছুদিন পর আবার দেখা যায় একই স্থানে ওয়াসা পুনরায় রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু করে। একই অবস্থা সৃষ্টি হয়েছে পুরাতন চান্দগাঁও থানা এলাকা, ওসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরির সামনে, সিএন্ডবি রাস্তার মাথা, বাহার সিগন্যাল, বালুরটাল, কাপ্তাই রাস্তার মাথা এলাকায়। একই রাস্তা একাধিকবার খোঁড়াখুঁড়ির জন্য রাস্তার একপাশ দীর্ঘ এক বছর ধরে বন্ধ করে রেখেছে চট্টগ্রাম ওয়াসা। সিঙ্গেল রাস্তা দিয়ে উভয় পথের যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিদিন কালুরঘাট সড়কে সীমাহীন যানজট লাগছে। এখানে একবার যানজট বাধলে তা কয়েক ঘণ্টা স্থায়ী হয়ে থাকে। বহদ্দারহাট কালুরঘাট সড়কে নিত্য যানজটের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
নগরীর গোলপাহাড় মোড়েও গত এক বছরে একই জায়গায় অন্তত পাঁচবার রাস্তা কেটেছে ওয়াসা।
ইত্তেফাক/নূহু
