নদী ভাঙনের কবলে নেত্রকোনার সাটিয়া প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ২১ জুলাই ২০১৭, ০৩:১৫

নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে হুমকিতে পড়েছে। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠটি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি এবং প্রচণ্ড খরস্রোতা উত্তাল সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হয়। ফলে সারাবছরই ভাঙন থাকে। বর্ষায় এবং বর্ষার পানি নেমে যাওয়ার সময় ভাঙন তীব্র আকার ধারণ করে। গত প্রায় পাঁচ বছরের ভাঙনে বিদ্যালয়ের খেলার মাঠটির বিস্তীর্ণ অংশ নদীগর্ভে হারিয়ে গেছে। এখন মারাত্মক হুমকিতে পড়েছে বিদ্যালয়ের একমাত্র ভবনটি এবং এর কাছেই একটি মসজিদ। ভাঙতে ভাঙতে বিদ্যালয় ভবনের মাত্র ১৫ গজ কাছে চলে এসেছে নদীটি। ভাঙন অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে পুরো ভবনটিই বিলীন হয়ে যাবে।

প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান, মূল ভবনের সামনেই খরস্রোতা নদী এবং নদীর পাড় ভাঙার কারণে প্রায় ২শ জন শিক্ষার্থী নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত গাইড ওয়াল নির্মাণ করা দরকার বলে জানান তিনি।

এদিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন-নিবেদন করা হলেও কোনো কাজ হচ্ছে না।

ইত্তেফাক/নূহু