ছোট ফেনী নদীগর্ভে বিলীন সাত শতাধিক বাড়ি

আপডেট : ২১ জুলাই ২০১৭, ০৩:২৪

ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার চরমজলিশপুর, তালতলি, ফাজিলের ঘাট, করিমপুরসহ এ অঞ্চলের সড়ক ও সাত শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের তাণ্ডবে ঘরবাড়ি ও গৃহপালিত পশু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে হাজার হাজার দরিদ্র পরিবার। এ দুই উপজেলার ২০ গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ ফাজিলের ঘাট-তালতলি-চৌধুরীহাট পাকা সড়কটি সম্পূর্ণ ছোট ফেনী নদীতে বিলীন হয়ে গেছে। এতে হাজার হাজার লোকজনকে বিকল্প পথে চলাফেরায় ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয়, তালতলি প্রাথমিক বিদ্যালয়, জমিলা খাতুন ও হোসাইনিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এসব এলাকার ছয় কি.মি. পাকা সড়ক সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম জানান, গত বছর ছোট ফেনী নদীর ২১ কি.মি. মাটি খননে সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে কাজ করা হয়েছে।

সোনাগাজীর স্লুইস গেটের ভেঙে যাওয়া স্থানে ইতিমধ্যে টেন্ডারের কাজ সম্পন্ন হয়েছে। বন্যার পানি নামার পর পর কাজ শুরু হবে। সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার ২০ গ্রামের লোকজনের চলাচলের সুবিধার্থে নদীগর্ভে বিলীন হওয়া ফাজিলের ঘাট-তালতলি-চৌধুরীহাট সড়কটি দ্রুত নির্মাণের লক্ষ্যে পরিদর্শন করে পদক্ষেপ নেবো।

ইত্তেফাক/নূহু