ব্যাটিং কোচ ও ফিজিও নিয়ে সংকট

আপডেট : ২১ জুলাই ২০১৭, ১২:২৪
 
আরও একজন বোলিং বিশেষজ্ঞ আনার ব্যাপারে খুব সরগরম এখন ক্রিকেট পাড়া। কিন্তু এরই ফাঁকে প্রায় ফাঁকা পড়ে আছে জাতীয় দলের দুটি বিশেষায়িত পদ। কয়েক মাস হলো চুক্তি হয়ে গেলেও এখনও পর্যন্ত দেশের মাটিতে পা পড়েনি ‘নতুন’ ফিজিওথেরাপিস্ট তিহান চন্দ্রমোহনের। অন্য দিকে চ্যাম্পিয়নস ট্রফির পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিদায় করে দিয়েছে ব্যাটিং উপদেষ্টা থিলান সামারাবীরাকে।
 
গতকাল বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, ফিজিওর জন্য তারা আরও কিছুদিন অপেক্ষা করতে চান। আর ব্যাটিং কোচ খোঁজার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। অবশ্য বিসিবির অন্য একটি সূত্র জানালো, ব্যাটিং উপদেষ্টা হিসেবে অস্ট্রেলিয়ার মার্কও নীলকে একরকম চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
 
বাংলাদেশের সর্বশেষ স্থায়ী ফিজিও ছিলেন ইংল্যান্ডের ডিন কনওয়ে। তার শেষটাও ভালো হয়নি। গত মার্চে শ্রীলঙ্কা সফরের আগে হঠাতৎ করেই বেতন ভাতা বাড়ানোর দাবি তোলেন তিনি। এই দাবিতে সফরেও যাননি। তার এই আচরণের ফলে সে সময়ই বিসিবি চুক্তি শেষ করে দেয় কনওয়ের সঙ্গে। এরপর শ্রীলঙ্কা সফরেই দলের সঙ্গে কাজ করেন শ্রীলঙ্কান ফিজিও তিহান চন্দ্রমোহন। সেই মার্চে চুক্তি হলেও এখনও পর্যন্ত বাংলাদেশে আসেননি তিনি।
 
এরপর বাংলাদেশ দলের সঙ্গে চন্দ্রমোহন কাজ করেন চ্যাম্পিয়নস ট্রফিতেও। সেখান থেকে সরাসরি অস্ট্রেলিয়া চলে যান তিনি। কথা ছিল দলের কন্ডিশনিং ক্যাম্পে এসে যোগ দেবেন। কিন্তু সেটা ঘটেনি। এই ফিজিওর ব্যাপারে বিসিবিও ছিল অন্ধকারে।  তারাও জানতে পারছিল না, কেন আসছেন না তিনি বা কবে আসবেন। কোনো যোগাযোগও করা যাচ্ছিল না। অবশেষে জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে বিসিবিকে জানিয়েছেন, চন্দ্রমোহন অ্যাকসিডেন্ট করে নিজেই অসুস্থ আছেন।
 
বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘আমরা তার জন্য আরও একটু অপেক্ষা করতে চাই। যদিও তার তরফ থেকে আমরা এখনও কিছু জানতে পারিনি। তবে সে আমাদের চুক্তিভুক্ত ফিজিও। চাইলেও নতুন আরেকজনকে নিয়ে আসা যায় না। তাই আমাদের স্থানীয় ফিজিওরাই ক্যাম্প চালাচ্ছেন। দেখা যাক, চন্দ্রমোহন কবে যোগ দেন।’
 
এদিকে চন্দ্রমোহন, হাতুরুসিংহেদের আরেক স্বদেশী সামরাবীরার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বোর্ড। স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল এই ব্যাটিং উপদেষ্টাকে। কথা ছিল, কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানো হবে। যদিও ব্যাটসম্যানদের কাছ থেকে তার ব্যাপারে নেতিবাচক অভিযোগ ছিল। তারপরও প্রধান কোচের সুপারিশে দুই দফা চুক্তি বাড়ানো হয় সাবেক এই লঙ্কান ব্যাটসম্যানের সঙ্গে।
 
এবার চ্যাম্পিয়নস ট্রফির পর আর চুক্তি না বাড়ানোরই সিদ্ধান্ত নেয় বোর্ড। এর পেছনে ব্যাটসম্যানদের অভিযোগ প্রধান ভূমিকা রেখেছে বলে বিসিবির কিছু সূত্র জানিয়েছে। পাশাপাশি প্রধান কোচ ও ব্যাটিং কোচের জুটিও খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল বলে ভেতরের খবর।
 
বিসিবির প্রধান নির্বাহী সুজন বললেন, ব্যাটিং কোচ খোঁজাটা তারা এখনও সেভাবে শুরু করেননি। এক পরিচালক বললেন, তারা দ্রুত ব্যাটিং উপদেষ্টা পেতে চান। অন্য দিকে আরেকটি সূত্র বলছে, ব্যাটিং উপদেষ্টা বিসিবি ঠিকই করে ফেলেছে। সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান নর্ম ও’নীলের ছেলে মার্ক ও’নীলকে আনা হতে পারে এই পদে। মার্ক এর আগে নিউজিল্যান্ড জাতীয় দলের ও কাউন্টি দল মিডলসেক্সের ব্যাটিং কোচ ছিলেন।
 
ইত্তেফাক/এমআর