সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২২ জুলাই ২০১৭, ১২:১৪
সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ২ জনের মৃত্যু হয়। এতে  আহত হয় অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৭ জনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
 
শনিবার ভোর রাতে কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ও কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী জানান, শনিবার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ভুড়ুঙ্গামাড়ি থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৮৮১১) সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে গাছের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়।
 
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
কাজিপুর থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান জানান, বাস নিয়ন্ত্রণ হারিয়ে  গাছের সাথে ধাক্কা খেয়ে ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন বাসের সুপারভাইজার।
 
ইত্তেফাক/এমআই